ড্রাইভার মালেকের এক বছর ধরে বানানো ‘আদুরে’ দরজার দাম কত?
চোখ ছানাবড়া সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ! দেখেই প্রশ্ন জাগলো মনে, রাজমহল না ফ্ল্যাট; এটা কীসের দরজা? দরজায় রাজকীয় কারুকাজ, পুরোটাই যেন আদুরে হাতে গড়া। খোঁজ নিয়ে জানা গেল, এ দরজা বানাতেই দক্ষ মিস্ত্রির সময় লেগেছিল পুরো এক বছর!
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দরজা নিয়ে এতো আলোচনা ও সমালোচনা হচ্ছে, সেটির কথাই বলা হচ্ছে। রিমান্ডে থাকা স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেকের একটি ফ্ল্যাটের দরজা এটি। এই দরজার দাম শুনলে চমকে উঠবেন যে কেউই। পাঁচ লাখ টাকা দিয়েই বানানো হয়েছিল ওই দরজা।
সোমবার সরেজমিনে টঙ্গীর তুরাগের বামনেরটেক রমজান মার্কেট সংলগ্ন মালেকের বিলাসবহুল হাজী কমপ্লেক্সে গিয়ে এমন তথ্যই মিলেছে।
বাসার মূল দরজা সম্পর্কে জানতে চাইলে মালেকের ছোট মেয়ে মিমি ডেইলি বাংলাদেশের প্রতিবেদককে বলেন, এক বছর ধরে এখানকার স্থানীয় মার্কেটের মান্নান নামের এক কাঠমিস্ত্রী এটি বানিয়েছেন। ওই মিস্ত্রি আমাদের কয়েকটা দরজার ছবি দেখিয়েছিলেন, আমরা এর মধ্য থেকে এ দরজাটিই পছন্দ করেছিলাম।
দরজাটি তৈরি করতে এতো সময় আর অর্থ ব্যয় হলেও এটিকে একটি সাধারণ কাঠের দরজা বলেই দাবি করেন মালেকের মেয়ে মিমি! তিনি বলেন, এটা একটা সাধারণ কাঠের দরজা, কোনো বিদেশি দরজা নয়।