ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করেছে নেপাল
নেপালে ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে বাতিল হলো গত ৪৫ বছরের হাতে লেখা পদ্ধতি। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বিষ্ণু প্রসাদ পডেল সোমবার এই নতুন পদ্ধতির উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে বিদেশীদের জন্য দেড়শ’রও বেশি ডিজিটাল পাসপোর্ট তৈরি করা হয়েছে। একজন পর্তুগীজ প্রথম এ ধরনের ভিসা গ্রহণ করেন।
অভিবাসন দফতরের সমন্বিত তথ্য পদ্ধতির আওতায় ডিজিটালি এই ভিসা তৈরি করা হবে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এদিকে অভিবাসন দফতর এক বিবৃতিতে বলেছে, ডিজিটাল পদ্ধতির কারণে ভিসার নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরো দৃঢ় হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতির কারণে ভবিষ্যতে ই ভিসা ইস্যু করারও পথ তৈরি হয়েছে বলে অভিবাসন দফতরের কর্মকর্তা জানান।
এদিকে নতুন পদ্ধতির ভিসা উদ্বোধনকালে পডেল বলেছেন, এটি নেপালি ভিসাকে আরো বিশ্বাসযোগ্য করবে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে।