দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে যাচ্ছে বিজেপি
দীর্ঘ ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করতে যাচ্ছে। শনিবার বেলা ১১টা পর্যন্ত ভোট গণনা অনুযায়ী, বিজেপি ৪৮টি আসনে এগিয়ে রয়েছে, এবং ২২টি আসনে আম আদমি পার্টি (আপ) এগিয়ে আছে। নির্বাচনের ফল অনুযায়ী, কংগ্রেসের ভরাডুবি হচ্ছে, কারণ তারা কোনো আসনেই জয়ী হতে পারেনি।
এরই মধ্যে জানা গেছে, নিজ আসনে হেরে গেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুধু কেজরিই নন, জংপুরা থেকে পরাজিত হয়েছেন মণীশ সিসোদিয়াও।। কেজরিওয়াল বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩,১৮২ ভোটে হেরে গেছেন, আর সিসোদিয়া বিজেপি প্রার্থী তরবিন্দর সিংয়ের কাছে প্রায় ৬০০ ভোটে পরাজিত হয়েছেন। তবে, আপ-এর বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা কালকাজিতে ৪,০০০ ভোটে জয়ী হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে এগিয়ে রয়েছে বিজেপি। আর ২২টিতে এগিয়ে আছে আম আদমি পার্টি। অপরদিকে কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে। কোনো আসনেই জয়ের দেখা নেই ভারতের প্রধান বিরোধী দলের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেজরিওয়াল ২০১৩ সাল থেকে নয়াদিল্লি আসনে জয়ী হয়ে আসছিলেন, তবে এবার তিনি পরাজিত হয়েছেন। ১৯৯৮ সালে শেষবার দিল্লির মসনদে ছিল বিজেপি, আর এরপর কংগ্রেস এবং পরে আপ ক্ষমতায় আসে। এবার, ২৭ বছর পর, বিজেপি দিল্লি জয় করতে যাচ্ছে।