বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চোরাচালানে ‘নতুন কৌশল’, ভায়াগ্রা জব্দ

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 08:13 সকাল • 3 বার পঠিত
চোরাচালানে ‘নতুন কৌশল’, ভায়াগ্রা জব্দ

কোটি টাকার বেশি পণ্য জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বলছে, তারা চোরাচালানের ‘নতুন রুট ও কৌশলের’ সন্ধান পেয়েছে।

গত মঙ্গল ও বুধবার ঢাকার শাহজালাল বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সিআইআইডি বলছে, আন্তর্জাতিক ফ্লাইটে ভায়াগ্রাসহ সংবেদনশীল ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথ ব্যবহার করে চট্টগ্রাম জিপিওতে পণ্য পাঠানোর নতুন ‘চোরাচালান কৌশল’ দুদিনের অভিযানে ধরা পড়েছে।

জব্দ মালামালের মধ্যে আছে—ভায়াগ্রা, ইনসুলিনসহ বিপুল পরিমাণ ওষুধ, আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, ব্যবহৃত মোবাইল ফোন ও মদ। এসব পণ্যের বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

এর মধ্যে বুধবার ইথিওপিয়া থেকে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ আটক করা হয়।

সিআইআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার অনিয়ন্ত্রিত ব্যবহার এবং ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধের কোল্ড চেইন না মেনে পরিবহন জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করে থাকে।

সেদিন আরেক অভিযানে ব্যাংকক ও মাসকাট থেকে আসা যাত্রী ও পরিত্যক্ত কার্টন থেকে ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও ১৮ দশমিক ১৮ কেজি গৌরি ক্রিম জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭টি আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।

আকাশপথে দেশে আসার পর পণ্যগুলো বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র এয়ারপোর্ট সর্টিং সেন্টার ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর পরিকল্পনা ছিল।একই দিনে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোন (স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফইসহ), ২৮৮ কার্টন সিগারেট, ৪৬ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১৭ লিটার মদ জব্দ করা হয়।