চীনে গবেষক দল পাঠাবে ডব্লিউএইচও
করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার উৎপত্তি সম্পর্কে ভালো ধারনা পাওয়া গেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই আগামী সপ্তাহে করোনাভাইরাসের উৎপত্তি খুঁজতে গবেষকদের একটি দল চীনে পাঠানোর পরিকল্পনা করেছে সংস্থাটির।
সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘আমরা এই ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলে এটির বিরুদ্ধে আরো ভালোভাবে লড়াই করতে পারবো। তাই এটির উৎপত্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই আগামী সপ্তাহে আমরা আমাদের একটি গবেষক দল চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ভাইরাসটি ঠিক কিভাবে ছড়াতে শুরু করেছে এর মাধ্যমে জানতে পারবো আমরা।
চীনে পাঠানো গবেষকদের এই দলের গঠন কেমন হবে বা কয় সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। গত মাসের শুরু থেকেই চীনে গবেষক দল পাঠানোর চেষ্টা করছিলো ডব্লিউএইচও। তবে এ বিষয়ে চীনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিলো না সংস্থাটি। অবশেষে চীনের সঙ্গে একমত হওয়ার পরে গবেষক দল পাঠানোর ঘোষণা এলো।