শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈশাখী টেলিভিশনে ‘হামলার’ অভিযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 12:20 দুপুর • 3 বার পঠিত
বৈশাখী টেলিভিশনে ‘হামলার’ অভিযোগ

লাইভে এসে নিজেদের প্রতিষ্ঠানে ‘মব’ করে হামলা চালানোর অভিযোগ তুলেছে বেসরকারি গণমাধ্যম— বৈশাখী টেলিভিশন।

শনিবার বিকাল ৪টার দিকে ‘বৈশাখী টিভি নিউজ’ ফেইজবুক পেইজ থেকে এ অভিযোগ তোলা হয়, যেখানে ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি।

পুলিশ বলছে, ওই টেলিভিশন স্টেশনের একজনকে জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যা মামলার এক আসামি রয়েছেন। সেখান থেকে একজনকে বনানী থানায় নেওয়ার তথ্যও দিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি সালাহ উদ্দীন বলেন, “বৈশাখি টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলনকে হেফাজতে নেওয়া হয়েছে।”

টেলিভিশন স্টেশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সশ্বত্র বাহিনীর অনুষ্ঠানে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।

প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”

ভিডিওতে শাদা শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি ফোনও টিপছিলেন। কিন্তু ওই ব্যক্তির পরিচয়, কিংবা তিনি সেখানে কী করছিলেন, তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিশ্চিত হতে পারেনি।

জুলাই অভ্যুত্থানের সময়কার হত্যা মামলার এক আসামি থাকার যে কথা পুলিশ বলছে, ফেইসবুক লাইভে সে বিষয়ে কিছু বলা হয়নি। বরং সেখানে এক সহকর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে।

লাইভে বলতে শোনা যায়, “আমাদের যে উপব্যবস্থাপনা পরিচালক, টিপু আলম মিলন, আমরা তখন শুনলাম যে, স্যারকে কিছু দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছে। তো আমরা তৎক্ষণাৎ বৈশাখীতে যারা আমরা কর্মী আছি, আমরা গিয়ে স্যারকে উদ্ধার করে উপরে নিয়ে আসি। কিন্তু নিচে এখনও তারা আছে এবং গেটের বাইরে তারা গেট ভাঙার চেষ্টা করছে।”

বৈশাখী টেলিভিশন স্টেশনের অবস্থান মহাখালীর ওয়্যারলেস এলাকায়। ভবনের ছাদ থেকে লাইভ করার তথ্য দিয়ে এতে বলতে শোনা যায়, “দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা।”

“এমনকি আমাদের কিছু কর্মী অলরেডি আহত হয়েছে। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি দর্শক। আমরা কোনোভাবে নিচে নামতে পারছি না।”

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার আসামি আছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছে।”

সেখানে মব হওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “মব করলেও আমরা বলছি যে, এখানে মবের কোনো সুযোগ নাই। মামলার আসামি সে গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।”