শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

৭০ ভাগ লোকের রায় না মানলে কীসের জাতীয় ঐক্য, প্রশ্ন পরওয়ারের

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 12:25 দুপুর • 3 বার পঠিত
৭০ ভাগ লোকের রায় না মানলে কীসের জাতীয় ঐক্য, প্রশ্ন পরওয়ারের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রী ঐক্যের যে ডাক দিয়েছেন, তার আগে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা অর্থহীন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি হবে।”

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে শনিবার জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল পরওয়ার।

দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ তুলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ হয়েছে।

সেখানে মিয়া গোলাম পরওয়ার বলেন, “রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। কিন্তু গণভোটে প্রায় ৫ কোটি মানুষ, অর্থাৎ ৭০ শতাংশ ভোটার সেই অবস্থানের বিপক্ষে রায় দিয়েছেন। তাই নোট অব ডিসেন্ট প্রত্যাহার করে গণভোটের রায় মেনে নেওয়া উচিত।

“এককভাবে বিশেষ কমিটি করে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে রাষ্ট্রপতির ২০২৫ সালের ১৩ নভেম্বরের আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটে অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। ৭০ ভাগ লোকের রায় যদি না মানেন, তবে কীসের জাতীয় ঐক্যের ডাক দেবেন?”

গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে এ আহ্বান জানান সরকারপ্রধান।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব সরকারের পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। একটি জেলার পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে না পারলে তিনি কীভাবে দেশের আইনশৃঙ্খলা সামলাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

পরওয়ার বলেন, “ভারতের সাংবাদিকরা মিডিয়াতে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন ‘র’ এর সাথে যোগাযোগ করে কী পরিমাণ ট্রেনিং যে তিনি নিয়েছেন! এ খবর তো প্রধানমন্ত্রী আপনি রাখেন না।”

বিএনপির নেতাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় নেওয়ার অভিযোগ করে তিনি বলেন, “রাজশাহীর পবা ও পুঠিয়ায় বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে এসেছে।”

সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী শক্তির লোকজন রয়ে গেছেন বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, “গাড়ি ও বাড়িতে আগুন দেওয়া কিংবা মানুষের ওপর হামলা করে কোনো সহানুভূতি পাওয়া যাবে না। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের বিচার তাদের মোকাবিলা করতে হবে।”

দেশজুড়ে জামায়াতে ইসলামী ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে শনিবারের বিক্ষোভ থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তিনি।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সংসদ সদস্য কামাল হোসাইন, জামায়াত নেতা ইয়াসিন আরাফাত ও সাদিক কায়েম বক্তব্য দেন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইনও উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জামায়াত নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যান।