শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 06:09 সকাল • 8 বার পঠিত
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি অনুকরণীয় এবং আত্ম মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করদে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার সকালে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদেরকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “সময়ের নিয়মে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত। জীবন সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনও জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ এভাবে প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

“ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।”

মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যানে রাষ্ট্রের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

‘বীর যোদ্ধারা ‘অনন্য-অসাধারণ’

প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা, বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য -অসাধারণ।

“আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদেরকে জানাই বীরোচিত অভিনন্দন।”

প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ এই স্বাধীন বাংলাদেশ।

“আমি সশস্ত্র দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সকল মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করি।”

সশস্ত্র বাহিনীর সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি মনে করি, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদেরকে সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।

“আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব এবং সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।”

মুক্তিযোদ্ধাদের জন্য বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যানে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রীর কথায়, “মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়' প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন'।”

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিদর্শন বইয়ে সইয়ের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন তারা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানের পর তাদের সাথে চা-চক্রে মিলিত হন তিনি।

উপ প্রেস সচিব বলেন, ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর অফিস থেকে পায়ে হেটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী। এই সময়ে তার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ৭ বীরশ্রেষ্ঠের স্বজনসহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।