বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত কমলেও মৃত্যু অপরিবর্তিত

মোহাম্মদ খাইরুল আমিন 05 ফেব্রুয়ারি 2022, 10:21 দুপুর 393 বার পঠিত
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত কমলেও মৃত্যু অপরিবর্তিত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯০ হাজার ১৯৯ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৩৫ জনের। আগের দিন বৃহস্পতিবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ৪৯ হাজার ৬০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৫২ জনের।

করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে বৈশ্বিক পর্যায়ে এ তথ্য জানা গেছে।

বরাবরের মতো শুক্রবারও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৬০৬ জন।

এদিন আরো দুটি দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের কোঠা। এ দেশ দুটি হলো ব্রাজিল ও ভারত। ব্রাজিলে শুক্রবার করোনায় মারা গেছেন ১ হাজার ৬৮ জন এবং এই রোগে আক্রান্ত হয়েছেন    ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। আর ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬ জনের এবং করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন।

এছাড়া শুক্রবার করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৩৫ হাজার ৫১১, মৃত্যু ১৬৫), ফ্রান্স (নতুন আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৪৯, মৃত্যু ৩৫৫), রাশিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ২০১, মৃত্যু ৬৮২), তুরস্ক (নতুন আক্রান্ত ১ লাখ ১১ হাজার ১৫৭, মৃত্যু ৬৮২), জাপান (নতুন আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৮, মৃত্যু ৯০) এবং যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৮৪ হাজার ৫৩, মৃত্যু ২৫৪)।

শুক্রবারের পর বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ কোটি ১২ লাখ ৬১ হাজার ৫১৮ জনে এবং এ রোগে মোট মৃতের সংখ্যা বর্তমানে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন। এই মুহূর্তে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৪০৭ জন। এ রোগীদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৪২ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯০ হাজার ৬৬৫ জন।

এছাড়া শুক্রবার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ লাখ ৬৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে দিয়ে মহামারির শুরু থেকে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে ৩১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৫১ জনে।