বিশাল অংকের বাজেটে অস্ত্র কিনবে ভারত
চীন ও পাকিস্তানের মোকাবেলায় ফের অস্ত্র কেনায় মনোযোগী হয়েছে ভারত। অনুমোদন করা হয়েছে বিশাল অংকের বাজেট। নতুন যুদ্ধবিমান ক্রয় এবং যুদ্ধবিমানগুলোর আধুনিকীকরণে মোট খরচ ধরা হয়েছে ৩৮ হাজার ৯০০ কোটি রুপি। সীমান্তে চীনের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে রাশিয়া থেকে ২১টি মিগ-২৯ সহ ৩৩ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত।
মিগ-২১ ছাড়া ১২টি সুখোই সু-৩০এমকেআই যুদ্ধবিমান কেনা হচ্ছে। এ ছাড়া বর্তমানে ভারতের কাছে থাকা ৫৯টি মিগ-২৯ যুদ্ধবিমানের আধুনিকীকরণের প্রস্তাবও মঞ্জুর করেছে পরিষদ।
ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটার সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পরিষদ। তারা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ২৪৮টি এএসটিআরএ ক্ষেপণাস্ত্র ক্রয়েও অনুমোদন দিয়েছে। এই ক্ষেপণাস্ত্র সব আবহাওয়ায় শব্দের চেয়ে দ্রুতগতিতে ছোটা বিমান বিধ্বস্ত করতে সক্ষম। এছাড়া এক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম নতুন পিনাকা ক্ষেপণাস্ত্র ক্রয়ও অনুমোদন করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এসব সরঞ্জাম ক্রয় প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীর শক্তি বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার।