অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলা: ইউরোপীয় ইউনিয়ন
ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে উৎপাদিত করোনাভাইরাসের টিকা সরবরাহের প্রতিশ্রুত লক্ষ্যমাত্রা পূরণ না করায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউরোপীয় কমিশন গত শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করেছে। ইইউ এর ২৭ টি সদস্যদেশও তাতে সমর্থন দিয়েছে।
এই পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যায় মুখপাত্র বলেন, টিকা নিয়ে চুক্তির কিছু শর্ত মানা হয়নি, এমনকী টিকা সময়মত সরবরাহ করার জন্য নির্ভরযোগ্য কোনও পরিকল্পনাও কোম্পানিটি নেয়নি। চুক্তি অনুযায়ী এই মামলা নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে বেলজিয়াম আদালতে।
ইইউ’র এই আইনানুগ ব্যবস্থার জবাবে অ্যাস্ট্রাজেনেকা আদালতে শক্তভাবে আত্মপক্ষ সমর্থনে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
সোমবার এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তারা ইউরোপীয় কমিশনের সঙ্গে টিকা ক্রয়ের অগ্রিম চুক্তি পুরোপুরিই মান্য করেছে। তাই কোনওরকম মামলা করার আইনি ভিত্তি নেই এবং বিরোধ যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলাই ভাল।