বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের প্রাণহানি

অনলাইন নিউজ পোর্টাল 11 আগস্ট 2021, 02:44 দুপুর 116 বার পঠিত
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের প্রাণহানি

ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। মঙ্গলবার সেখানে পৌঁছেছিলেন সেনারা। উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়ে মৃত্যু হয়েছে ২৫ জন সেনার।আলজেরিয়ায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমানের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে সোমবার রাত থেকে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান বলেন, চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছি। এ ছাড়া ছড়িয়ে পড়া আগুন নেভাতে প্লেন ভাড়া করা হচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দেশটির রাজধানীর পূর্বাঞ্চলীয় কাবিলাই অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের কারণে সৃষ্ট উঁচু ধোঁয়ায় এলাকাগুলো ঢেকে গেছে।

এদিকে আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষের উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনাসদস্যরা।

একপর্যায়ে উদ্ধার অভিযানের মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫ সেনাসদস্য। এ ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তিবোউনি।

টুইটে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের বিষয় যে- ভুক্তভোগী মানুষকে উদ্ধারের সময় আমাদের ২৫ সেনাসদস্য শহীদ হয়েছেন। মৃত্যুর আগে তারা শতাধিক মানুষকে দাবানলের কবল থেকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।’