৮৬ বছর পর কাল আয়া সোফিয়ায় জুমা নামাজ অনুষ্ঠিত হবে
তুরস্কের আয়া সোফিয়া মসজিদটি ৮৬ বছর পরে আবার শুক্রবারের জুমা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে । আশা করা হচ্ছে, জামাতে অন্যান্য মুসল্লিদের সঙ্গে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইস্তাম্বুলের গভর্নর বলেন, করোনা ভাইরাসের কারণে এতে প্রবেশে ৫টি দরজা উন্মুক্ত থাকবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদে প্রবেশ করতে পারবে। এতে ঢুকতে অন্তত ১১টি নিরাপত্তার পয়েন্ট অতিক্রম করতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় ৫০০ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ ধরে এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল। গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা থাকেনি।
সুলতান দ্বিতীয় মুহাম্মদ মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে স্থাপনাটি মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আল শামসুদ্দিন।