শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

‘ভারতের মধ্যস্থতায়’ বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও জামায়াত: রাশেদ খাঁন

মোহাম্মদ খাইরুল আমিন • 21 নভেম্বর 2026, 06:14 সকাল • 7 বার পঠিত
‘ভারতের মধ্যস্থতায়’ বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও জামায়াত: রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদে বিরোধী দলে থাকা জামায়াতে ইসলামী ‘ভারতের মধ্যস্থতায়’ বিএনপির বিরুদ্ধে ‘যুগপৎ আন্দোলনে’ নেমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

তিনি বলেছেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যে ধরনের জনমত সৃষ্টি হওয়া দরকার ছিল, আওয়ামী লীগ সেটি উৎপাদন করে দিয়েছে। তারপরেও সরকার সেখানে দমন-পীড়নে লিপ্ত হবে না, কারণ এটি বিএনপি সরকার।”

সমসাময়িক রাজনীতিতে নতুন সমীকরণ আর পাল্টাপাল্টি অভিযোগের এই সময়ে গত ১৮ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুখোমুখি হন রাশেদ খাঁন। গণ অধিকার পরিষদের রাজপথ থেকে উঠে আসা এই তরুণ নেতা বর্তমানে বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।

কেন তিনি বিএনপিতে যোগ দিলেন? জামায়াতকে কেন তিনি ‘আওয়ামী জামায়াত লীগ’ বলছেন? ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং টুঙ্গিপাড়ার নাশকতা নিয়ে সরকারের পদক্ষেপ কী হবে? এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

সহিংসতা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে রাশেদ বলেন, “বিএনপি সরকারের নীতি হল যে আমরা বল প্রয়োগ করে কোনো সমর্থককে নিহত করব না। আমরা রক্তপাত ঘটাব না। এখন কী হবে গোপালগঞ্জে বা টুঙ্গিপাড়ায়? তাদের মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আসতে হবে।”

তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে শিক্ষিত ও সচেতন মানুষ বুঝতে পারছে, দলটি ‘ভালো কিছু করছে না’। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার সচেতন নাগরিকদেরও বিষয়টি ‘বোঝা উচিত’।

রাশেদ খাঁনের ভাষ্য, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন মহলের যে ‘সহনশীলতা’ দেখা যাচ্ছিল, তা কমেছে। টকশোতে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিরাও এখন সমালোচনার মুখে পড়বেন বলে মনে করেন তিনি।

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে কেন

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া রাশেদ খাঁন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে দলটির যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ডিসেম্বরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নিজের রাজনৈতিক সহকারীর দায়িত্ব দেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, মানুষের জীবনে পরিবর্তনের বাঁক আসে। দল বদল করে বড় নেতা হওয়ার নজিরও বাংলাদেশে নতুন নয়।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সাড়ে সাত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে তাকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ঘোষণা করা হয়।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন রাশেদ। চব্বিশের অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হলে ২০২৬ সালের ৩১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রাশেদকে জিএস ঘোষণা করে।

তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ‘সম্পর্ক ও বোঝাপড়া’ তৈরি হয়।

২০২৬ সালের নির্বাচনের আগে নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করেই বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে জানান রাশেদ। তার দাবি, এতে পুরোনো সম্পর্ক নষ্ট হয়নি; বরং রাজপথ ও সংসদে সমন্বয়ের সুযোগ রয়ে গেছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্ব কী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে আসলে কী দায়িত্ব পালন করেন রাশেদ খাঁন?

এ বিষয়ে তার ভাষ্য, বিএনপির স্থায়ী কমিটি দলীয় সিদ্ধান্ত নেয় এবং মন্ত্রিসভা সরকারের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও উপদেষ্টারাও নিজ নিজ দায়িত্ব পালন করেন।

“আমি যেহেতু আন্দোলন-সংগ্রাম করে এসেছি, আমাকে তিনি রাজনৈতিক দায়িত্বটি দিয়েছেন।”

সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র, অপতথ্য ও মিথ্যাচারের’ জবাব দেওয়া এবং সরকারের জনকল্যাণমূলক কাজগুলো মানুষের সামনে তুলে ধরাকে নিজের দায়িত্বের অংশ বলে তুলে ধরেন তিনি।

এ ছাড়া নিজ এলাকায় নিয়মিত যাতায়াত, মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সভা-সেমিনারে অংশ নেওয়া এবং বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করার কাজও করেন বলে জানান রাশেদ।

‘নব্য বিএনপি’?

রাশেদ খাঁনকে ‘নব্য বিএনপি’ বলে সমালোচনা করেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা।

এর জবাব দিতে গিয়ে এনসিপির নেতাদের দলবদল নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি, নতুন দলটির অধিকাংশ নেতা জামায়াত-শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে এসেছেন। গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং বামপন্থি সংগঠন থেকেও অনেকে এনসিপিতে যোগ দিয়েছেন।

“এনসিপি—নতুন একটি দল। এই দলের সবাই তো নব্য। এবং ম্যাক্সিমামই জামায়াত এবং শিবির থেকে আসা। জামায়াত-শিবিরের কর্মীদের সমন্বয়েই এনসিপি গঠিত হয়েছে।”

দল বদলের উদাহরণ দিতে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, দলটির নেতা আমির হামজা এবং বিএনপির কয়েকজন নেতার অতীত রাজনৈতিক পরিচয়ের কথা তুলে ধরেন।

তার ভাষ্য, অন্য দল থেকে এসে রাজনৈতিক নেতারা নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন–এমন নজির বাংলাদেশে কম নয়।

১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরও তৎকালীন ছাত্রনেতাদের অনেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে পাবনা জেলা বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব এবং সংসদ সদস্য ফজলুর রহমানের নাম বলেন রাশেদ।

জামায়াত, এনসিপি ও রাজনৈতিক সমীকরণ

রাশেদের কাছে জানতে চাওয়া হয়েছিল, জামায়াতকে তিনি কেন ‘‘জামায়াত-লীগ’ বলেন। আর জামায়াতের সঙ্গে বিএনপির এখনকার যে ‘দূরত্ব’, তা রাজনৈতিক, নাকি আদর্শিক?

জবাবে তিনি বলেন, “এর কারণটা হল যে যারা এই মুহূর্তে বাংলাদেশে গণঅভ্যুত্থানের কারণে প্রধান বিরোধী দল, তারা অকৃতজ্ঞ। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন।

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামকে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে সাথে নিয়ে তিনি গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন।”

রাশেদ বলেন, “যে সময় জামায়াত মজলুম ছিল, অর্থাৎ যে সময় শেখ হাসিনা ক্ষমতায়, তখন জামায়াত-বিএনপির মধ্যে ভালো বোঝাপড়া ছিল। জামায়াতের রূপটা আমরা চিনেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

“যে সময় আওয়ামী লীগের পতন হলো, পতনের পরে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই জামাতের আমির বক্তব্য দিলেন যে যাহা আওয়ামী লীগ, তাহা বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো চারিত্রিক পার্থক্য নাই। বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি চাঁদাবাজের দল।”

রাশেদের প্রশ্ন, বিএনপির সঙ্গে অতীতে সরকার ও সংসদে থাকা জামায়াত কীভাবে এখন দলটিকে দুর্নীতিগ্রস্ত বলে সমালোচনা করছে!

“জামায়াত সেই কাজটি করছে এবং দেখেন যে তারা ওই সময় জামায়াতের দুইজন নেতা, তারা কিন্তু মিনিস্ট্রিতে ছিল এবং অনেকে এমপি ছিল। এছাড়া জামায়াত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন পর্যন্ত করেছে। তার মানে বিএনপি জামায়াতের জন্য কী করে নাই? সবই করেছে।”

জামায়াত ও আওয়ামী লীগের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে ‘মিল’ রয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর সরকারী।

তার ভাষ্য, দুই দলের ফেইসবুক পেজে ‘একই ধরনের ভাষা’ দেখা যায়। ছাত্রলীগ ও শিবিরের নেতাদের বক্তব্যেও ‘মিল’ রয়েছে।

জামায়াতের সঙ্গে ভারতের যোগাযোগের দাবি তুলে রাশেদ খাঁন বলেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের খবর সামনে আসার আগে জামায়াত বিভিন্ন বক্তব্যে বিএনপিকে ভারতের ‘সমর্থনপুষ্ট’ বলে অভিযোগ করেছিল।

তার অভিযোগ, জামায়াতের সাম্প্রতিক কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য বা গত ১৬ বছরের গুম, খুন, ক্রসফায়ার ও লুটপাটের বিচার নিয়ে ‘আগের মত জোরালো অবস্থান’ দেখা যাচ্ছে না।

এনসিপিকে জামায়াতের ‘প্রক্সি’ বা ‘যুব সংগঠন’ বলেও আখ্যা দেন রাশেদ। তার দাবি, দলটির ভেতরে ‘জামায়াত-শিবিরের প্রভাব’ এবং নেতাদের অনেকের পদত্যাগের কারণে এনসিপি ‘চাপে’ রয়েছে।

জামায়াত ‘জুজুর ভয় দেখিয়ে’ এনসিপিকে নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন রাশেদ।

‘চাঁদাবাজি ও অপরাধ সহনীয় পর্যায়ে’

দেশে চাঁদাবাজি ও অপরাধের পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁনের দাবি, অতীতের তুলনায় বর্তমানে তা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। বিএনপির কেউ অপরাধে জড়ালে শাস্তি বা জবাবদিহিতা থেকে ‘ছাড় পাচ্ছেন না’।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সম্পর্ক হতে হবে ন্যায্যতা, সমতা ও ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে রাশেদ বলেন, তাকে ফেরত দেওয়ার বিষয়টি আসামি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই হতে হবে।

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—এমন প্রশ্নে রাশেদ খাঁনের ভাষ্য, তিনি পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। তবে ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত ‘একমাত্র আল্লাহর হাতে’।

সাক্ষাৎকারের শেষ দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন রাশেদ খাঁন।