বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

১৫ দিনের মধ্যে জুলাই ও অগাস্টের ভ্যাট রিটার্ন চায় এনবিআর

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2026, 11:13 দুপুর • 5 বার পঠিত
১৫ দিনের মধ্যে জুলাই ও অগাস্টের ভ্যাট রিটার্ন চায় এনবিআর

মাসে মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের বিধানে ফেরার তিন দিনের মাথায় এসে জুলাই ও অগাস্টের বিবরণী চেয়ে বসল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এজন্য চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দিয়ে আদেশ জারি করেছে কর আদায়ের সংস্থাটি।

এই সময়ের মধ্যে সেপ্টেম্বরের রিটার্নও দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে আদেশে।

ব্যবসায়ীদের স্বস্তি দিতে চলতি অর্থবছর থেকে প্রতি মাসের বদলে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করা হয়। এর আগে মাসে মাসে দেওয়ার বাধ্যতামূলক ছিল।

তবে মাসে মাসে রিটার্ন না মেলায় কর আদায়ের সর্বোচ্চ খাত থেকে প্রতিমাসে কী পরিমাণ ভ্যাট আদায় হচ্ছিল, তার তথ্য মিলছিল না। উল্টোদিকে ভ্যাটের আদায় নেতিবাচক ধারায় যাওয়ার কথা বলে আসছিলেন এনবিআরের কর্মকর্তারা।

এর পরিপ্রেক্ষিতে আগের মতো মাসিক ভ্যাট রিটার্ন চালুর উদ্যোগ নেয় এনবিআর। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলে ১৫ দিন সময় থাকে। এর বদলে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিল করতে হবে।

এর তিনদিনের মাথায় জুলাই ও অগাস্টেরও ভ্যাট রিটার্ন চাইল এনবিআর।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ই-ভ্যাট সিস্টেমে জুলাই ও অগাস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিল করেনি।

“এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন ইতোমধ্যে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করেনি, তাদেরকে দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ালো হলো।

“এক্ষেত্রে জরিমানা আরোপ হবে না। প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরের কর মেয়াদের রিটার্ন অবশ্যই ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।”

ভ্যাটের আদায় নেতিবাচক ধারায় চলায় নতুন অর্থবছরের প্রায় তিনমাস পরেও কোনো মাসেরই রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি এনবিআর।

এনবিআরের কয়েকজন কর্মকর্তা বলেন, বাজেটে ভ্যাট রিটার্ন জমার নিয়ম পরিবর্তনের ফলে রাজস্ব আদায় তুলনামূলক কম হওয়ায় তথ্য প্রকাশে ‘সময় নেওয়া হচ্ছে’ বলে তাদের ধারণা।

তাদের ভাষ্য, সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় ভ্যাট অনুবিভাগ থেকে। প্রতিমাসে ভ্যাট রিটার্ন দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ায় সেখানে জুলাই ও অগাস্ট মাসের রাজস্ব আদায় ‘কমে গেছে’।

রাজস্ব আদায় কমেছে নাকি ‘সন্তোষজনক’ রয়েছে তা স্পষ্ট হবে আগামী মাসে ভ্যাট রিটার্ন দাখিল হওয়ার পর। এর মধ্যেই রাজস্ব আদায়ের পুরনো নিয়মে ফেরার সিদ্ধান্ত ও রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা জারি করল এনবিআর।