গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জ জেলা শহর রোববার কার্যত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।
শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে।
এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তারা জানান, মিছিল চলাকালে শহরের ‘এফএনএফ’ নামের একটি সুপার শপের কাচ ভাঙচুর করা হয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালানো হয়।
অন্যদিকে আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের রাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।
স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে সরকারি বঙ্গবন্ধু কলেজ নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়। এছাড়া গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া শহরের পৌরসভার সামনে বিএনপির ব্যানার ফেস্টুন ছিরে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে টায়ার, বাশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামসুল হক।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।
তবে এই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
সব মিলিয়ে জেলা শহর ছিল উত্তেজনায় ভরপুর। মিছিল ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক তৈরি হয়। এতে শহরের দোকান পাট বন্ধ হয়ে যায়।
বেলা দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে ঘেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর শহরের কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং রিকশা-ভ্যান চলাচলও স্বাভাবিক হয়।এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।