যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখতে প্রয়োজনের সবই করবেন জো বাইডেন
করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রকে নিরাপদে রাখতে যা প্রয়োজন তার সবই করবেন মার্কিন ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। যদি দেশ পুরোপুরি বন্ধ করে দিতে হয়, তাও করবেন তিনি। শুক্রবার এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, অসংখ্য জীবন বাঁচাতে যা করতে হয় আমি সেটার জন্য প্রস্তুত থাকবো। কারণ ভাইরাস নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের দেশ স্বাভাবিক গতি ফিরে পাবে না।
বাইডেন আরো বলেন, যদি দেশকে সচল ও অগ্রসরমান দেখতে চান, যদি চান অর্থনীতির বিকাশ হোক এবং লোকজন চাকরি করুক, তাহলে ভাইরাসের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যদি দেশ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন বিজ্ঞানীরা, তাহলে আমি বন্ধ করে দেবো।
বৃহস্পতিবার ডেমোক্রেট দলের বার্ষিক সমাবেশের শেষ দিনও বাইডেনের বক্তব্য একই রকম ছিল। তিনি বলেন, ‘আমরা কখনোই আমাদের অর্থনীতিকে আগের অবস্থায় পাবো না, কখনো আমরা শিশুদের স্কুলে ফিরে পাবো না, আমাদের জীবন ততদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে না যতদিন এই ভাইরাসের সংক্রমণ কমাতে না পারবো।’