বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে প্রাণহানি শতাধিক

অনলাইন নিউজ পোর্টাল 12 ডিসেম্বর 2021, 06:54 বিকাল 284 বার পঠিত
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে প্রাণহানি শতাধিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে তাণ্ডব চালানো এক ঝাঁক টর্নেডোতে কেনটাকি রাজ্যে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০ মাইল এলাকাজুড়ে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে টর্নেডোগুলো কেনটাকি অঙ্গরাজ্যজুড়ে আঘাত হানে।

শীতের মাসগুলোয় এ ধরনের শক্তিশালী টর্নেডোকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদেরা। টর্নেডো ও অগ্নিকাণ্ডে কেনটাকিতে একটি মোমবাতির কারখানা ও একাধিক পুলিশ স্টেশন বিধ্বস্ত হয়েছে। পাশের মিজৌরি অঙ্গরাজ্যে একটি নার্সিংহোম ভেঙে গেছে। ইলিনয়ে আমাজনের গুদামঘর বিধ্বস্ত হয়ে ছয় কর্মী নিহত হয়েছেন।

এবারের টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার। তিনি জানান, মেফিল্ড শহরে মোমবাতি কারখানা থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় কারখানাটির ভেতর প্রায় ১১০ জন কর্মী ছিলেন।

সংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর বলেন, ‘আমার জীবনে এমন বিপর্যয় কখনো দেখিনি। এই কষ্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এখানে, এই কেনটাকিতে সম্ভবত ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।’

শনিবার বিকাল পর্যন্ত কেনটাকির প্রায় ৯৯ হাজার ও টেনেসির ৭১ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

এ বিপর্যয়কে সম্ভবত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় টর্নেডোর একটি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি কেনটাকিতে জাতীয় জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন। এ কারণে ফেডারেল সরকারের তরফ থেকে তহবিল ও অন্যান্য সহযোগিতা পাবে কেনটাকি।