যেভাবে টিকা পাবেন প্রবাসীরা
প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও এবং ৪০ বছরের কম বয়ষ্করাও টিকা নিতে পারবেন। এ লক্ষ্যে টিকার জন্য সুরক্ষা অ্যাপে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন।
শুক্রবার থেকে রোজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৪২টি জনশক্তি অফিস, নয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে যাদের বিএমইটির নিবন্ধন নেই তারা এখানে নিবন্ধন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ফলে সুরক্ষা অ্যাপে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।