সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2026, 08:13 সকাল • 5 বার পঠিত
মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

সোমবার সকাল ১০টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতির কারণে সড়কের পাশের অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে অনন্তের সামনে আসেন ও পরে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়।

এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কারখানায় ঢোকার পর হাজিরা কার্ড পাঞ্চ করেন। এরপর ৯টার পরে শ্রমিকরা একে একে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবস্থান নেয়।

খাইরুল মামুনের ভাষ্য, “প্রথমে নরসিংহপুর এলাকার নিউএইজ গ্রুপের একটি কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। পরবর্তীতে নিট এশিয়া, অনন্ত, ট্রাউজার লাইন কারখানাসহ আশপাশের অনেক কারখানার শ্রমিকরা বেরিয়ে এসে সড়কে জড়ো হন।”

দুপরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় ‘আল-মুসলিম’ গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলন চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। তবে তাদের ধারণা, ‘বহিরাগতরা’ শ্রমিকদের মধ্যে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।