ভূমধ্যসাগরের প্রচন্ড ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 জানুয়ারী 2022, 11:11 দুপুর
•
264 বার পঠিত
ভূমধ্যসাগর পথে লিবিয়া থেকে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় অন্তত সাত অভিবাসন প্রত্যাশী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা ঠান্ডায় জমে মারা যান বলে দ্বীপটির প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স থেকে এ খবর জানা গিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে। অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর।
লাম্পেডুসার মেয়র সালভাটোরে মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নৌকায় ২৮০জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের বেশিরভাগ বাংলাদেশ ও মিসর থেকে এসেছেন।