ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার পঞ্চম দফার নির্বাচন শুরু
শনিবার ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার পঞ্চম দফার নির্বাচনে ছয়টি জেলার ৪৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। পঞ্চম দফা ভোটে ৪৫টি আসনের মধ্যে ১৬টি উত্তর চব্বিশ পরগনার, নদীয়া ও পূর্ব বর্ধমানে ৮টি করে আসন, ৭টি আসন জলপাইগুড়ি এবং ১টি আসন কালিম্পং জেলার।
চতুর্থ দফার ভোটে সহিংসতার ঘটনা মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে পাঁচজনের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আর একজন উত্তেজিত জনতার হাতে মারা যান। এবারের ভোটে সহিংসতা এড়াতে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কমিশন।
পঞ্চম দফার ভোটে মোট ৩১৯ প্রার্থীর ৩৯ জন নারী প্রার্থী। আজকের ভোটে ৪৫টি আসনেই তৃণমূল ও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। সংযুক্ত মোর্চার পক্ষে সিপিএম ১৯টি, কংগ্রেস ৭টি, আব্বাস সিদ্দিকির আইএসএস ৩টি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক ১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সংযুক্ত মোর্চা ১২টি আসনে প্রার্থী দেয়নি।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।