ভারতে প্রায় ৬০ হাজার ভেন্টিলেটর বিকল হয়ে গেছে
ভারতে করোনা পরিস্থিতির জন্য কেনা প্রায় ৬০ হাজার ভেন্টিলেটর বিকল হয়ে গেছে। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তদের সঠিক চিকিৎসা দেয়া ফের হুমকির মুখে পড়েছে।
মহারাষ্ট্রে যখন করোনাভাইরাস মহামারি পরিস্থিতির প্রকোপ অনেক বেশি ছিল তখন আওরঙ্গবাদের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৫০টি ভেন্টিলেটর এপ্রিলের তৃতীয় সপ্তাহে এসে পৌঁছায়। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো পাঠিয়েছিল।
হাসপাতালটি এসব ভেন্টিলেটর বিভিন্ন জেলায় ও বেসরকারি হাসপাতালে বিতরণ করে। কিন্তু কয়েকদিনের মাথায় অনেক হাসপাতাল সেগুলো ফেরত পাঠায়। ডাক্তারদের অভিযোগ, এসব ভেন্টিলেটর রোগীদের ব্যবহার উপযোগী না।
এসব হাসপাতালের নিবিড় পরিচর্যা চিকিৎসায় নিয়োজিত আট বিশেষজ্ঞের দল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভেন্টিলেটরের সুইচ অন করার কয়েক ঘণ্টার মধ্যে রোগীরা শ্বাস নিতে না পারাসহ বিভিন্ন অভিযোগ করেছেন।
বিড় জেলার একটি হাসপাতালের ডিন বলেন, এগুলো ব্যবহার করা খুব ঝুঁকিপূর্ণ। যখন শতভাগ অক্সিজেন প্রয়োজন তখন মাত্র ২০ শতাংশ পেলে রোগীর মৃত্যু হওয়ার সুযোগ রয়েছে।
গত বছর মার্চ ও এপ্রিলে ভারতের কেন্দ্রীয় সরকার ২ হাজার ৩৫০ কোটি রুপি ব্যয়ে ৬০ হাজারের বেশি ভেন্টিলেটর ক্রয় করে। এর মধ্যে ৫০ হাজার ভেন্টিলেটর প্রধানমন্ত্রীর কেয়ার তহবিল থেকে ২ হাজার কোটি রুপিতে কেনা হয়।