তুরস্কের নাম এখন ‘তুর্কিয়ে’
তুরস্ক বা টার্কির নাম বদলে গেল। এখন দেশটির নাম ‘তুর্কিয়ে’। এই নামেই দেশটিকে চিনতে হবে। দেশের নাম বদলের জন্য আঙ্কারা অনুরোধ জানিয়েছিল জাতিসংঘের কাছে। জাতিসংঘ সেটা অনুমোদন করেছে।
দেশটির নতুন নাম নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছর থেকে প্রচারণা শুরু করেছিলেন। গেল বছরের ডিসেম্বরে তিনি বলেছিলেন, তুর্কিয়ে দেশটির সংস্কৃতি ও সভ্যতা প্রকাশের আদর্শ প্রতিক।
জাতিসংঘ জানিয়েছে, তুরস্কের কাছ থেকে নাম পরিবর্তনের অনুরোধ এসেছিল। এই সপ্তাহে জাতিসংঘ সম্মতি দিয়েছে। জানা যায়, তুরস্ক এখন তাদের দেশের নতুন নাম অনুমোদন করতে আরো কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে অনুরোধ জানাবে।
তুরস্কের মানুষ অবশ্য নিজেদের দেশের নাম তুর্কিয়ে বলে আগে থেকে জানে। গত বছর সরকার নাম বদলের উদ্যোগ নিতেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দ্রুত নিজেদের নাম বদলে নিয়েছিল।
এখন থেকে দেশটির সব রপ্তানি পণ্যের ওপর ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। গত জানুয়ারি থেকে দেশটি পর্যটন খাতে ‘হ্যালা তুর্কিয়ে’ স্লোগান দিয়ে প্রচার শুরু করেছে।