তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী
যুক্তরাষ্ট্র গত এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্সেস এবং মেরিন সেনারা অত্যন্ত গোপনে এই প্রশিক্ষণ দেওয়ার কাজটি করছেন।
৭ অক্টোবর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চীনের বারবার হুমকি-ধমকি ও সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার মিত্র তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়ে এসেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত বা নাকচ করেনি যুক্তরাষ্ট্র।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে। তাই জোরপূর্বক অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় তারা।
সাম্প্রতিক সময়ে তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনার এটিও একটি কারণ।