তাইওয়ানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
তাইওয়ানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন অন্তত আরো ১০০ জন।
শুক্রবারের এই দুর্ঘটনাকে দেশটিতে গত চার দশকের মধ্যে ভয়াবহতম রেল দুর্ঘটনা উল্লেখ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল। তাদের অনেকেই আসন না পেয়ে দাঁড়িয়েছিলেন। দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়েন।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে দ্রুতই ভর্তি করা গেছে। তবে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ঠিকমতো পার্কিং না করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এ দুর্ঘটনায় এক নির্মাণ প্রকৌশলীর গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। নির্মাণ কাজে ব্যবহৃত লরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।