সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে: ঢাবি শিক্ষকরা
দেশকে অস্থিতিশীল করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষক। তারা বলেছেন, অগণতান্ত্রিকভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে কেউ টিকে থাকতে পারেনি।
এত মানুষ হত্যা ও পঙ্গু করার পরও আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের তত্ত্ব পাল্টাতে হবে, যা আদৌ সম্ভব নয়।মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সদস্য সচিব ড. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালামসহ অন্য শিক্ষকরা।
মানববন্ধনে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন গতিশীল অবস্থানে রয়েছে এবং উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী আবারও বাংলাদেশকে উত্তপ্ত করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ তার প্রশাসন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।
লুৎফর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা দেখা যায়নি। সরকারের এই ধৈর্য ও সহনশীল আচরণের প্রশংসা করব। তবে সরকারকে এটিও বলতে চাই, আপনাদের এই ধৈর্য ও সহনশীলতার কারণে আমাদের ধৈর্যের বাঁধ যেন না ভাঙে।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, বাংলাদেশের জন্য বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। সরকারকে বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত-এমন অভিযোগে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করা হচ্ছে। এ বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এমন কাজ করব না। এ ধরনের আচরণও গ্রহণযোগ্য নয়। আমাদের আইনের শাসন ও মানবাধিকারের মধ্যে থাকতে হবে। আমরা এমন একটি দেশ চেয়েছিলাম বলেই ২০২৪ সালের জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিলাম।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। পেছনের দরজা কিংবা অন্য কোনো অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে কেউ কোনো দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও এমনটা হবে না বলে জুলাই আন্দোলন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষ তার নেতৃত্বে আস্থা রেখে সামনে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যারা সব সময় জনস্রোতের বিরুদ্ধে কাজ করেছে, এত মানুষকে হত্যা, নির্যাতন ও পঙ্গু করার পর তারা কীভাবে এ দেশে আবার রাজনীতি করার সাহস করে?
তিনি বলেন, এ ধরনের সংগঠন আবার ফিরে এলে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব পরিবর্তন করতে হবে, যা আদৌ সম্ভব নয়।