শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 17 মে 2022, 02:58 দুপুর 267 বার পঠিত
সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

সরকারি-বেসরকারি সব খাতে সকল বিষয়ে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেছেন, বিদ্যুৎ-পানি থেকে শুরু করে সকল খাতে অপচয় ঠেকাতে হবে। 

আজ মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এনইসি) অনুমোদন হয়। এই সময় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা অপচয় রোধের এবং সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন।  তিনি গণভবন থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভার সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই কথা সংবাদ সম্মেলনে জানান।

প্রধানমন্ত্রী যে বিষয়ে জোর দিয়েছেন সেটির কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এনইসি সভায় আরও একটা বিষয় গুরুত্ব পেয়েছে। সেটা হলো অপচয় রোধ করতে হবে।  জনগণের অর্থ ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। পিএম কিছু নির্দেশনা দিয়েছেন, সরকারি বেসরকারি খাতে সাশ্রয়ী হতে হবে। পানি ও বিদ্যুতে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। সুতরাং সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে।

সম্প্রতি সরকার এক নির্দেশে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খুব প্রয়োজন ছাড়া বিদেশ সফর বন্ধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অর্থমন্ত্রী জানিয়েছেন যে প্রকল্পগুলো পিছিয়ে দিলে ক্ষতি নেই সেগুলো আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। 

আজ এনইসির সভায় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদিত হয়েছে।