সালাতের মাঝেই চেয়ে নিন আপনার প্রয়োজনগুলো
নামাজ পড়ার সময় আল্লাহ এবং বান্দার মাঝে সরাসরি যোগাযোগ থাকে। তাই এ সময়ই আমাদের চাওয়াগুলো আল্লাহর কাছে চেয়ে নেয়ার মোক্ষম সুযোগ। আর, সিজদাহর সময় দুয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
“বান্দা যখন সিজদা করে সে তখন তার রব্বের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। অতএব তোমরা ঐ সময় বেশি বেশি দুয়া করো”
অন্য হাদীসে এসেছে,
“তোমরা সিজদাতে দুয়া করতে চেষ্টা করো, আশা করা যায় তোমাদের দুয়া কবুল করা হবে।”
মুসলিম, মিশকাত হা/৮৯৪।
কিন্তু আমরা অনেকেই জানি না নামাজে কীভাবে, কখন আমাদের দুয়াগুলো করবো। আজ সে সম্পর্কেই আমরা জানবো-
রাসূল (সা.) এর হাদীসে সেজদায় কি পাঠ করতে হবে তার নির্দিষ্ট কোন বিবরণ পাওয়া যায় না। ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বা ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ কোন প্রকার তাসবীহের কথাই তিনি নির্দিষ্টভাবে বলেননি।
অনেক উলামাই অবশ্য এখানে বলেন, আপনাকে সেজদার মাঝে ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পাঠ করতে হবে। তাদের মতে, সেজদার মাঝে এই তসবীহটি একবার পাঠ করা ওয়াজিব। আর এই তসবীহ’র সম্পূর্ণ হক আদায় করে পাঠ করার জন্য তিনবার তসবীহটি পাঠ করতে হবে। এই তসবীহ পাঠ করার পর আপনি বিভিন্ন দোয়া করতে পারেন।
ফরজ নামাজ ও অন্যান্য সকল নামাজেই আপনি দোয়া করতে পারেন। আপনার নিজের জন্য ক্ষমা প্রার্থনা, কোন আকাঙ্ক্ষিত বস্তুর প্রার্থনা এবং অন্যান্য যেকোন দোয়াই আপনি করতে পারেন। কিন্তু এই দোয়া অবশ্যই আরবী ভাষায় তথা নামাজের ভাষায় হতে হবে।
প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসে ধীরস্থিরভাবে নিজের জন্য প্রয়োজনীয় দোয়া করুন। যে দোয়ায় প্রিয় নবী (সা.) দুই সিজদার মাঝে এমন এক দুয়া পরতেন যে দুয়ায় সব চাওয়া হয়ে যায়। বান্দার জন্য কোনো কিছু চাওয়ারই বাকি থাকে না। আজ থেকেই শুরু করুন, প্রত্যেক রাকাতে দুই সিজদার মাঝে এ দুয়াটি করার অভ্যাস করে ফেলুন-
رَبِّى اغْفِرلِىْ وَارْحَمْنِىْ وَارْزُقْنِىْ وَاهْدِنِىْ وَ عَافِنِىْ وَاعْفُ عَنِّىْ وَاجْبُرْنِىْ وَارْفَعْنِىْ
উচ্চারণ : রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারঝুক্বনি ওয়াহদিনি ওয়া আফিনি, ওয়াফুআন্নি, ওয়াঝবুরনি, ওয়ারফানি।
অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন, রহমত দিয়ে আমার জীবন ভরে দিন, আমার রিজিক বাড়িয়ে দিন, আল্লাহ আমাকে হেদায়েত করে দিন, আমাকে পরিপূর্ণ সুস্থতা ও নিরাপত্তা দিন, আমার ক্ষয়-ক্ষতি পূরণ করে দিন, আমার মর্যাদা বাড়িয়ে দিন।
আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী এবং তিনি আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক সমঝ দান করুন।