রোজায় ইয়েমেনে সৌদি জোটের অস্ত্রবিরতি
ইয়েমেনে পবিত্র রমজান মাসে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। তারা চায় ইয়েমেন সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোলা রাখতে।
সৌদি প্রেস এজেন্সি জানায়, বুধবার সকাল ৬টা থেকে সৌদি জোট ইয়েমেনে অভিযান বন্ধ রাখবে।
এই সিদ্ধান্তকে অবশ্য ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুতি অর্থহীন বলে খারিজ করে দিয়েছে। তাদের দাবি, আগে দেশের বন্দরগুলো খুলে দেওয়া হোক। বুধবার এই খবর জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
এর আগে জাতিসংঘ রমজানে ইয়েমেনে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল। সৌদিতে ২ এপ্রিল শুরু হচ্ছে রমজান। আর এমন সময় সৌদির নেতৃত্বাধীন জোট অস্ত্রবিরতির ঘোষণা দিল।
কিন্তু এই একতরফা অস্ত্রবিরতি কতোদিন থাকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। সৌদি জোটের মুখপাত্র জানান, এটাকে সফল করতে সব চেষ্টা করা হবে। তারা চান, বিরোধ মিটে যাক।
কিন্তু হুতির দাবি, এই অস্ত্রবিরতির ঘোষণা অর্থহীন। কারণম জোটের পক্ষ থেকে দেশের বন্দরগুলো বন্ধ রাখা হয়েছে। সেগুলো খুলে না দিলে হবে না।