রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে জান্তাবিরোধী সরকার
ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। এ লক্ষ্যে দেশটির সামরিক সরকারকে উৎখাতে সহায়তার আহ্বান জানিয়েছে তারা।
৩ জুন সম্ভাব্য সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করে ছায়া সরকার এনইউজি। সেখানেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়ে ওই আহ্বান জানানো হয়। এর পাশাপাশি, দেশটিতে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া সবাইকে বা বিশ্বের যেকোনো স্থানে জন্ম নেয়া বার্মিজ নাগরিকের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দানের অঙ্গীকারও করা হয়।
এনইউজি তাদের বিবৃতিতে বলেছে, আমরা রোহিঙ্গাদের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলনে অংশ নিতে আমাদের এবং অন্যদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আমন্ত্রণ জানাই।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সু চি’র এনএলডি সরকার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে জাতিগত গোষ্ঠীর সংবেদনশীলতার কারণে ‘রোহিঙ্গা’ শব্দটি এড়িয়ে গিয়েছিল। তবে তাদের ওপর সামরিক বাহিনীর সহিংসতা ও চরম মানবাধিকার লঙ্ঘন এবং গত কয়েক দশক ধরে রাখাইনে চলা সহিংসতায় লাখ লাখ মানুষ ঘরছাড়া হওয়ার বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে জাতীয় ঐক্য সরকার।