রংপুরে শিক্ষকদের জন্য স্কুল খুলেছে!
রংপুরে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি বেশ সমালোচনার মধ্যে পরিনত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি না থাকলেও(২৪ আগস্ট) বিভাগের আট জেলার ১৯ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষক উপস্থিত ছিলেন। এতে শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোন লিখিত আদেশ না থাকায় করোনাকালীন দুর্যোগে শঙ্কায় পড়েছেন অভিভাবকসহ সচেতন মহল।
অন্যথায় রংপুর নগরীর গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা উপজেলার আরাজী দেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেক মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো অনেক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, হঠাৎ করে সোমবার রাতে মুঠোফোনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয় মঙ্গলবার সকাল সোয়া ৯টায় নিজ নিজ স্কুলে উপস্থিত হতে হবে। শারীরিকভাবে অসুস্থ থাকলেও যথা সময়ে হাজির হতে হবে।
এদিকে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান সিদ্দিক জানান, শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্য স্কুলে অফিস করার কথা বলা হয়েছে। জুম মিটিংয়ে নিজেও যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি জানান, সচিবের নির্দেশ ও বিভাগীয় উপ-পরিচালকের সাথে কথা বলে জেলার আট উপজেলা ও সিটি করপোরেশন এলাকার তিন হাজার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষককে স্কুলে যাবার পরামর্শ দেওয়া হয়।