রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ
সিলেট টেস্টে ইতিহাস গড়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। ডাবল সেঞ্চুরি করে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথমবারের মতো সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান। দারুণ বোলিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন হাসান মাহমুদ।
আইসিসির বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে হৃদয়ের উন্নতি ১১৫ ধাপ। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে আছেন তিনি।
মিরপুর টেস্টে দৃষ্টিকটু দুটি শটে দুই ইনিংসে আউট হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পড়েন হৃদয়। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিলেটে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রান করে ইতিহাসের পাতায় নাম লেখান ডানহাতি এই ব্যাটসম্যান।
সফরকারী বোলারদের তুলাধুনা করে হৃদয়ের ২২ চারের সঙ্গে রেকর্ড ১১ ছক্কার ইনিংসটি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। নিজের আদর্শ ও একই শহর বগুড়ার সন্তান মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের রেকর্ড ভেঙে দেন তিনি। ইনিংসে ছক্কার রেকর্ডেও তামিম ইকবালকে টপকে এখন দেশের সেরা হৃদয়।
দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল ছিলেন হৃদয়। আটটি চারে খেলেন ৮২ রানের ইনিংস। ড্র হওয়া ম্যাচটির সেরা হন তিনি। এই পারফরম্যান্সে এবার র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিলেন হৃদয়।
টেস্ট বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের আর কারো। আগের মতোই ২২তম স্থানে আছেন মুশফিক। ছয় ধাপ পিছিয়ে ৩২ নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরের স্থানটি লিটন কুমার দাসের। এক ধাপ পিছিয়ে ৩৮তম স্থানে মুমিনুল হক।
এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। এক ধাপ পিছিয়ে তার অবস্থান ২৫তম। সাত ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের, আছেন ২৮তম স্থানে।
প্রথম ইনিংসে ৯০ রানে ৬ উইকেট নিয়ে উন্নতি করেছেন হাসান। ৬ ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে আছেন ডানহাতি এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংসের দুই সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও কাভেম হজ। ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন দ্বিতীয় ইনিংসে ১৪২ রান করা হজ। আর প্রথম ইনিংসে ১৩৩ রান করে ২৮ধাপ উন্নতি করে ৬২ নম্বরে জাঙ্গু।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে জোমেল ওয়ারিক্যানের। ম্যাচ মোট ৭ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারের অগ্রগতি ১১ ধাপ, আছেন সতীর্থ শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই বাংলাদেশিদের মধ্যে সবার উপরে মিরাজ, অবস্থান চতুর্থ। ওয়েস্ট ইন্ডিজের জস্টিন গ্রেভস এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম স্থানে।
রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ