বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

বেসরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা

মোহাম্মদ খাইরুল আমিন • 11 নভেম্বর 2026, 12:07 দুপুর • 4 বার পঠিত
বেসরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা

প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের নিয়ম রেখে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এ নীতিমালায় বলা হয়েছে, ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লেক্ষ্যে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) জন্য এই নীতিমালা করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাথমিক ধাপে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।প্রতি শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫ জন।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল।

বিএনপি সরকার ক্ষমতায় এসে গেল মার্চে স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করে। সবগুলো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষার আয়োজন করা হবে বলে গত ১৬ মার্চ ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছিলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি বহাল রাখার কথা বলা হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষায় বসতে হবে স্কুল পরিবর্তনে আগ্রহীদের।

এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম রেখে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হল।