বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে বেশ কয়েকজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 20 জুলাই 2023, 10:29 দুপুর 323 বার পঠিত
রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে বেশ কয়েকজন নিহত

রাশিয়ার বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে। অন্তত নয়জন আহত হয়েছেন। তবে এখনো স্পষ্ট হয়নি নিহতের সংখ্যা।

বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৯ জন আহত হয়েছেন। এসব তথ্য জানিয়েছেন, আঞ্চলিক গভর্নর ভিটালি কিম।

আঞ্চলিক গভর্নর কিম টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, বৃহস্পতিবার ভোরে মাইকোলাইভ শহরের কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে তিনতলা একটি আবাসিক ভবনে।

ইউক্রেনের অনলাইন গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভডা এক প্রতিবেদনে জানিয়েছে, মাইকোলাইভের হামলা আহতদের মধ্যে রয়েছে ৩ জন শিশু। হামলায় আগুন ধরে যায় শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গ্যারেজে।

এদিকে, ওডেসা অঞ্চলের কর্তৃপক্ষ টানা তৃতীয় রাতে বিমান হামলার খবর দিয়েছে।

বৃহস্পতিবার সকালে ওডেসা অঞ্চলের দিকে রাশিয়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে সতর্ক করেছে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে দেওয়া এক বার্তায়।  ইউক্রেনের বিমান বাহিনী সাধারণ মানুষকে নিরাপদস্থানে থাকার আহ্বান জানিয়েছে।

ওডেসা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়ার হামলায় ওডেসা শহরে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আগুন লাগার পর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি হামলার খবর পাওয়া গেছে শহরের বাইরে।