পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া তিনটার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিষয়টি সাংবাদিকদের জানান।
আহত পুলিশ সদস্যের নাম ওয়াহিদুল হাসান, যিনি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রাম এলাকায় ফরিদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়।
অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাকে গাড়িতে তোলার সময় পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, পুলিশের সদস্যরা বাধ্য হয়ে ফরিদের হাতকড়া খুলে দেন।
পুলিশ জানায়, হামলায় এসআই ওয়াহিদুল হাসান আহত হন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— আবুল কালাম আজাদ (৪৭), মিন্টু শেখ (৫৫), সেফালী বেগম (৪৩) (আবুল কালাম আজাদের স্ত্রী), নাসিমা বেগম (২৮), শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫) এরা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ফরিদ শেখ একজন পরিচিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
পলাতক ফরিদ শেখ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।