প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার অবনতি
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দিল্লির সেনা হাসপাতালের মেডিকেল বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফুসফুসের সংক্রমণের কারণে প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এখনো তাকে ভেন্টিলেটরে রাখা রয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।
এদিকে, প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তার ছেলে অভিজিৎ মুখার্জী। এক টুইটার বার্তায় তিনি জানান, আপনাদের শুভেচ্ছা এবং চিকিৎসকদের চেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তার শারীরিক অবস্থাও নিয়ন্ত্রিত রয়েছে। বাবার সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন তিনি।
এর আগে, গত ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পর দিন সকালেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর পরই তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। এরপরই গভীর কোমায় চলে যান তিনি। এছাড়া তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়ে।