পদত্যাগ করলেন গ্রেফতার হওয়া মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার দুই দিন পর পদত্যাগ করলেন মালির অর্ন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে।
অর্ন্তবর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটার নেতৃত্বে সেনা সদস্যরা গত সোমবার মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে আটক করে। পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেয়া হয়। মন্ত্রিসভায় রদবদল এবং সেখান থেকে দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে তাদের আটক করা হয়েছিল।
মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটকের এই ঘটনা নতুন করে দেশটির রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত করে তুলেছে। গত আগস্ট মাসে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয় এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সেসময় ক্ষমতাচ্যুত করা হয়।
সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর ফের সংকটের সূচনা হয়। এক পর্যায়ে আটক করা হয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।