পাকিস্তানও চীনা অ্যাপস বন্ধ করছে
বিগো লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশনটি ব্লক করে দিয়েছে পাকিস্তান এবং অশ্লীল ও অনৈতিক কনটেন্ট থাকার অভিযোগে চূড়ান্ত সতর্ক করেছে ভিডিও-শেয়ারিং অ্যাপ ‘টিকটক’কে। ফলে চীনের ব্যবসায়িক স্বার্থ সম্প্রতি পাকিস্তানে বড় ধাক্কার শিকার হয়েছে।
চীনের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোর প্রতি পাকিস্তানের অসন্তুষ্টির কারণ নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক বিষয়গুলোর সঙ্গে স্পষ্টভাবে জড়িত নয়। যেমন, কিছুদিন আগে নিরাপত্তার স্বার্থে ভারত ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। শুধু ভারত নয়, গ্রাহকদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রও টিকটক নিষিদ্ধ করার কথা ভাবছে। একই কারণে অস্ট্রেলিয়াও টিকটক নিয়ে তদন্ত করছে।
২ জুলাই পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) এক বিবৃতিতে জানায়, সমাজের বিভিন্ন স্তর থেকে টিকটক এবং বিগোসহ অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর অনৈতিক ও অশ্লীল কনটেন্ট নিয়ে অসংখ্য অভিযোগ পেয়েছে সংস্থাটি।
এসব মিডিয়া কোম্পানিকেও এ ব্যাপারে অবগত করা হয়েছে বলেও জানায় পিটিএ। তবে এ ব্যাপারে কোম্পানিগুলোর প্রতিক্রিয়া সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেছে সংস্থাটি। এমনকি অশ্লীল কনটেন্ট থাকার অভিযোগে টিকটক নিষিদ্ধ করার দাবিতে লাহোর হাইকোর্টে আবেদনও করা হয়েছে।
তাছাড়া, চলতি মাসে আসক্তি সৃষ্টি এবং সময় নষ্ট করার অভিযোগে বহুল জনপ্রিয় অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করে পাকিস্তান। পাবজি গেমটি কোরিয়ান গেম-মেকার কোম্পানি ব্লুহোল তৈরি করলেও এর মোবাইল ভার্সনটি তৈরি করেছে চীন।