পাকিস্তানে ভারী তুষারপাত: ২২ জনের মৃত্যু
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গেইলাত এলাকায় ভারী তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে।
শনিবার (৮ জানুয়ারী ২০২২) দেশটির পাঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া গেইলাতের মুরি এলাকায় তুষারপাতের ঘটনায় আটকা পড়া আরো এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।
গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। এসব যানবাহনের বেশিরভাগ আরোহীই পর্যটক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারী তুষারপাতের কারণে মুরির মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে।
পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী মুরি। রাজধানী ইসলামাবাদের উত্তরের এই শহর পর্যটকদের কাছে তুমুল জনপ্রিয়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের কারণে পর্যটকরা আটকা পড়ছেন।
শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকা এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ির ভেতরে ২২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে।