অস্ত্র নিয়ে আবারো হাজির ট্রাম্প সমর্থকরা
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানকে সামনে রেখে রাজ্য পরিষদগুলোর আশপাশে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। কেউ কেউ আবার অস্ত্র নিয়ে হাজির হয়েছেন। তারা ছোট ছোট দলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।
রোববার (১৭ জানুয়ারি) বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে দেশটির স্থানীয় সময় রোববার এই মহড়া করেন ট্রাম্প সমর্থকরা। মূলত ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে সহিংসতায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রজুড়ে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইও ও অন্যান্য রাজ্যে আইন পরিষদগুলোর সামনে বিক্ষোভ হয়েছে। তবে নিরাপত্তা জোরদার করায় অন্যান্য রাজ্যের পরিস্থিতি শান্ত ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জো বাইডেনের অভিষেক উপলক্ষে সশস্ত্র বিক্ষোভকারীদের ব্যাপারে সতর্কতা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন ঘিরে আগে থেকেই ‘গুজব’ ছড়াচ্ছিলেন। ট্রাম্প বারবার বলেছেন, তাকে নির্বাচনে হারানোর জন্য চক্রান্ত হচ্ছে। নির্বাচনের সময়েও নানা গুজব আর ভুল তথ্য ছড়িয়ে সংবাদমাধ্যম গরম রেখেছেন তিনি। তবে শেষ পর্যন্ত বাইডেনের কাছে পরাজয় বরণ করেন ট্রাম্প।
নির্বাচনে হেরে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। সমর্থকদের উসকানি দিয়ে নানাভাবে উত্তেজিত করে তোলেন তিনি। সে সময় তার সমর্থকরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তবে নতুন করে উত্তেজনা শুরু হয় গত ৬ জানুয়ারি।