শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ওড়িশা উপকূল পেরোচ্ছে ‘দুর্বল’ আকভান, ভারতের তিন রাজ্যে ভারি বৃষ্টি

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 08:20 সকাল • 6 বার পঠিত
ওড়িশা উপকূল পেরোচ্ছে ‘দুর্বল’ আকভান, ভারতের তিন রাজ্যে ভারি বৃষ্টি

শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘আকভান’।

ক্ষয়ক্ষতি কমাতে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং চারশর বেশি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) মানদণ্ডে চতুর্থ সর্বোচ্চ শ্রেণির ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত ‘আকভান’ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তবে এ ঝড়ের প্রভাবে শুক্রবারও ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টি চলছে।

আইএমডি জানায়, ইরানের দেওয়া ‘আকভান’ নামের ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রম করার (ল্যান্ডফল) প্রক্রিয়া শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে।

এটি গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

গত ২৪ দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মত ঘূর্ণিঝড়ের কবলে পড়ল ওড়িশা। শুরুতে ঝড়টি অন্ধ্রপ্রদেশে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে পুরী ও গোপালপুরের মাঝামাঝি দিয়ে উপকূল অতিক্রম করবে বলে জানানো হয়।

ঝুঁকিতে থাকা জেলাগুলোতে ৯ হাজার ৩৪১টি আশ্রয়কেন্দ্র খুলেছে ওড়িশা সরকার। সতর্কতা হিসেবে ইস্ট কোস্ট রেলওয়ে ৪১টি ট্রেন বাতিল ও ২৯টির সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এছাড়া সাউথ ইস্টার্ন রেলওয়ে শুক্রবার মন্দিরনগরী পুরীগামী বা পুরী হয়ে চলাচলকারী অন্তত ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে।

বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) রাজেশ পি পাতিল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৯৮ হাজার ৬৭৬ জনকে সরিয়ে ২ হাজার ৫২৩টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

উদ্ধারকাজে ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএএফ) ৬০টি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৪টি এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ১৩১টি দল মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি ইন্ডিয়ান কোস্টগার্ডকে হেলিকপ্টার, জাহাজ ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখতে অনুরোধ জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি জানান, ভূমিধস ঠেকাতে গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কোরাপুট ও মালকানগিরি, এই পাঁচ জেলায় ৯৪১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ২১১টি গজপতি জেলায়।

এর আগে গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছিল বলেও জানান তিনি।

রাজ্যের মুখ্যসচিব জানান, গোপালপুর, পুরী, সাতপাড়া ও চিলিকাসহ উপকূলীয় এলাকায় পর্যটকদের ভ্রমণ এবং জেলেদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার রাত থেকে চলা হালকা ও মাঝারি বৃষ্টি ঝড় উপকূলের কাছে আসায় আরও বেড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, ‘রেড’ (পদক্ষেপ নিন), ‘অরেঞ্জ’ (প্রস্তুত থাকুন) ও ‘ইয়েলো’ (সতর্ক থাকুন) সতর্কতার আওতায় থাকা জেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ওড়িশা সরকার।

এছাড়া মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, কালাহান্ডি, গজপতি, গঞ্জাম, কন্ধমাল, বৌধ, পুরী, নয়াগড় ও খোর্দা জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

পুরীর গুণ্ডিচা মন্দির ২১ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানও তিন দিনের জন্য ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প ২০ ও ২১ নভেম্বর এবং ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানা ও সংলগ্ন স্টেট বোটানিক্যাল গার্ডেন ২০ নভেম্বর বন্ধ থাকবে।

আর পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ভক্তদের আবহাওয়ার সতর্কবার্তা মেনে ভ্রমণের পরামর্শ দিয়েছে।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ও ভিজিয়ানাগ্রামে ‘রেড অ্যালার্ট’, পার্বতীপুরম মান্যম, আল্লুরি সীতারামারাজু (এএসআর) ও আনাকাপল্লিতে ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং কাকিনাড়ায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে আইএমডি।

২৪ ঘণ্টায় ২০ দশমিক ৪৪ সেন্টিমিটারের বেশি অত্যন্ত ভারি বৃষ্টির আশঙ্কায় রেড, ১১ দশমিক ৫৬ থেকে ২০ দশমিক ৪৪ সেন্টিমিটার অতিভারি বৃষ্টিতে অরেঞ্জ এবং ৬ দশমিক ৪৫ থেকে ১১ দশমিক ৫৫ সেন্টিমিটার ভারি বৃষ্টিতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এপিএসডিএমএ) উত্তর অন্ধ্রের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি কৃষকদের চাষাবাদে সাবধানতা অবলম্বন এবং জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।