ক্রিমিয়া সেতুতে ফের হামলা, যান চলাচল বন্ধ
রাশিয়ার সঙ্গে সংযুক্ত অধিকৃত ক্রিমিয়ার সেতুতে ফের হামলা হয়েছে। স্থানীয় একজন রুশ কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন। এর দুই দিন আগে ইউক্রেনের হামলায় সেতুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘ক্রিমিয়া সেতুতে নতুন করে হামলার পর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনে অনুষ্ঠেয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ হামলা হয়।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই ক্রিমিয়া সেতু ইউক্রেনের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।
মঙ্গলবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সেতুটিতে বড় ধরনের হামলা চালায় ইউক্রেন।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, সেতুর একটি ধাতব খিলান এবং এর নিচের সড়ক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সেতুটির ওপর দিয়ে এক লাইনে রেল চলাচল আবার শুরু হয়েছে। অন্য অংশে মেরামতের কাজ চলছে।
সেতুটি পুতিনের শাসন এবং রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে বিবেচিত। একই সঙ্গে এটি ওই অঞ্চলে রসদ সরবরাহের অন্যতম প্রধান পথ।
এর আগে কয়েকবার সেতুটিতে হামলা হয়েছে। এর মধ্যে ২০২২ সালের অক্টোবরে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক মাস ধরে সেতুটিতে চলাচল ব্যাহত হয়।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়ার মধ্য দিয়ে দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের সূচনা হয়, যা পরে বড় ধরনের যুদ্ধে রূপ নেয়।