মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 01:15 দুপুর • 5 বার পঠিত
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চায় মালিক পক্ষ

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে মালিক পক্ষ।

মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

গার্মেন্টসশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়নে এ আলোচনায় বসেছেন তারা।

বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, "নিন্মতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিন্মতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।"

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি।

এ কারণে পরবর্তী সময়ে আলোচনার জন্য মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির পরিমাণও তখন প্রকাশ করা হয়নি।

তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ। তবে সেই সভা স্থগিত হওয়ায় ফের অশান্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল। স্থগিত হওয়া এ সভা সোমবারের পর মঙ্গলবারও চলছে।

সেই বৈঠকের বিরতিতে এসে সৈয়দ আজাদ সুবহানী বলেন, "২০২৩ সালের যেটি এখনো পর্যন্ত বিদ্যমান আছে, গ্রেড ওয়ানে নিম্নতম মজুরি ছিল ১৫ হাজার ৫৩৫ টাকা, গ্রেড টুতে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড থ্রিতে ছিল ১৩৫৫০ টাকা এবং গ্রেড ফোরে ১২ হাজার ৫০০ টাকা।

“গ্রেড ওয়ানে— অর্থাৎ যেটি এখন পর্যন্ত ১৫ হাজার ৫৩৫ টাকা বলবৎ আছে, সেটিতে শ্রমিক পক্ষ প্রথম প্রস্তাব দিয়েছিলেন ৪৮০০০ হাজার টাকা এবং মালিক পক্ষ গ্রেড ওয়ানে প্রস্তাব দিয়েছিলেন ১৭ হাজার ৮৫০ টাকা। গ্রেড টুতে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৩ হাজার টাকা, বিপরীতে মালিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ৯৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩৮ হাজার টাকা, মালিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ১১০ টাকা এবং চতুর্থ গ্রেডে শ্রমিক পক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা, মালিক পক্ষ প্রথম প্রস্তাব দিয়েছিলেন ১৫ হাজার টাকা।"

চেয়ারম্যান বলেন, "আমরা এরপরে বৈশ্বিক বাজার পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান, তাদের ওপর নির্ভরশীল সদস্যের সংখ্যা এবং মালিক পক্ষের সক্ষমতা, আমাদের ওভারঅল এই খাতের বর্তমান অবস্থা ইত্যাদি বিবেচনায় এবং আমি যেভাবে ফ্যাসিলিটেট করেছি ও আমাদের নিরপেক্ষ সদস্যসহ আমরা দ্বিতীয় প্রস্তাব পেয়েছি শ্রমিক পক্ষের কাছ থেকে—প্রথম গ্রেডে ৪০০০০ টাকা, তার বিপরীতে মালিক পক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৮ হাজার ১৫০ টাকা। গ্রেড টুতে এসে শ্রমিক পক্ষের প্রস্তাব কমিয়ে আনা হয়েছে ৩৫ হাজার টাকায় এবং মালিক পক্ষ উঠেছেন ১৭ হাজার ২৫০ টাকায়। তৃতীয় গ্রেডে শ্রমিক পক্ষ এসেছেন ৩৫ হাজার টাকার প্রস্তাব নিয়ে, মালিক পক্ষ উঠেছেন ১৬ হাজার ৬৫০ টাকায় এবং চতুর্থ গ্রেডে দ্বিতীয় দফায় শ্রমিক পক্ষ প্রস্তাব দিয়েছেন ২৫ হাজার টাকা, তার বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছিল ১৫ হাজার ৫০০ টাকা।"

সুবহানী বলেন, "সর্বশেষ তৃতীয় প্রস্তাব— সর্বশেষ মানে এখনো ফাইনাল হয়নি, তৃতীয় প্রস্তাবে এসেছে শ্রমিক পক্ষের প্রথম গ্রেডের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা। তার বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছে ১৮ হাজার ৮২৮ টাকা। গ্রেড টুতে এসে শ্রমিক পক্ষ কমিয়ে আনল ৩০ হাজার টাকায়, মালিক পক্ষ উঠলেন ১৭ হাজার ৮৮৭ টাকায়। গ্রেড থ্রিতে শ্রমিক পক্ষ প্রস্তাব দিলেন ২৭ হাজার টাকায়, বিপরীতে মালিক পক্ষের প্রস্তাব এসেছে ১৬ হাজার ৯৯৬ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা, বিপরীতে মালিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। এখন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করছি এবং আমি বলেছি এটি ফাইনাল নয়; কোনো অবস্থাতেই আমরা এটি গ্রহণ করতে পারছি না।"