মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ার দুয়ার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচায় যাচ্ছেন ১১২ কর্মী

মোহাম্মদ খাইরুল আমিন • 24 নভেম্বর 2026, 10:56 দুপুর • 11 বার পঠিত
মালয়েশিয়ার দুয়ার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচায় যাচ্ছেন ১১২ কর্মী

আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে বৃহস্পতিবার।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন, যাতে বিনা খরচে যাচ্ছেন ১১২ জন কর্মী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালা লামপুরের উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, “সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

“এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।”

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে।

২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়।

সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে এর আগে ২০০৮-২০১২, ২০১৯-২০২২ এবং ২০১৬-২০১৮ সালেও মালয়েশিয়ার বাজার বন্ধ হয়েছিল।