নিউজিল্যান্ড শহরে প্রবল বৃষ্টির পর জরুরি অবস্থা ঘোষণা
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩ জন প্রাণ হারিয়েছেন। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
অকল্যান্ডে শুক্রবারের মুষলধারে বৃষ্টির কারণে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে, যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শহরটিতে স্বাভাবিক গ্রীষ্মকালীন মোট বৃষ্টিপাতের ৭৫ শতাংশই মাত্র ১৫ঘন্টার মধ্যে হয়েছে বলে জানা গেছে।
জাতীয় পূর্বাভাসদাতা বলেছেন -"গত ২৪ঘন্টার ভয়াবহতাগুলি অকল্যান্ডবাসি দীর্ঘকাল ধরে মনে রাখবে।"
অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন এ খবর নিশ্চিত করেছেন যে অকল্যান্ডের উত্তর তীরে ওয়াইরাউ উপত্যকায় একটি মৃতদেহ পাওয়া গেছে। মিঃ ব্রাউন বলেছেন যে তিনি এই খবরে "গভীরভাবে দুঃখিত"। বন্যার সঙ্গে মৃত্যুর যোগ আছে কিনা তা নিশ্চিত করেনি পুলিশ।
নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী বন্যার্তদের সহায়তা করছে এবং শহর জুড়ে জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এদিকে, সমালোচনার হাত থেকে বাঁচতে মেয়র এ কথা স্বীকার করেছেন যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে বিলম্ব করেছেন এবং কারণ হিসেবে তিনি বিশেষজ্ঞদের পরামর্শ অনুসরণকেই দায়ী করেছেন।