শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন 23 মার্চ 2025, 04:23 দুপুর 232 বার পঠিত
নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্য মোহাম্মদ বেলালের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকতে লাশটি ভেসে আসে।

শনিবার ভোরে রোহিঙ্গাদের নৌকা উল্টে যাওয়ার পর উদ্ধার অভিযান চালানোর সময় বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল সাগরে পড়ে নিখোঁজ হন। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সেপাই হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

ওই দুর্ঘটনায় নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় এক শিশুসহ চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। বিজিবি ও কোস্টগার্ডের অভিযানে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন।

বিজিবি জানায়, শনিবার ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান চালান। উত্তাল সমুদ্রের মধ্যে উদ্ধারকাজ চলাকালে বিজিবি সদস্য বেলাল পা পিছলে সাগরে পড়ে যান।

উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।