নেপালের জমি ‘দখল’ করেছে চীন
সম্প্রতি সীমান্তবর্তী গালওয়ান উপত্যকায় ভারতের সংঘর্ষে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতের ২০ জন ও চীনের দুইজন সেনা নিহত হয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। এবার নেপাল জানাচ্ছে, চীন নাকি তাদের প্রায় ৩৩ হেক্টর জমি দখল নিয়েছে!
নেপালের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১১ স্থানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে, চীন নেপালের প্রায় ৩৩ হেক্টর জমি নিজের দখলে নিয়েছে এবং সেখানে সেনা চৌকি তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। আর স্বাভাবিক সীমানা হিসেবে বয়ে চলা নদীর গতিপথও সেই কারণে বদলে দিয়েছে চীন।
এর মধ্যে ১০ হেক্টর জমি দখল করা হয়েছে হুমলা জেলায়, যেখানে চীনা নির্মাণের ফলে বাগদারে খোলা নদীর গতিপথ পাল্টে গেছে। এছাড়া রাসুয়া জেলায় একাধিক নদীর গতিপথ পাল্টে দিয়ে চীন ৬ হেক্টর জমি দখল করেছে। সিন্ধুপালচক জেলার ১১ হেক্টর জমি খারানে খোলা ও ভোতেকোশি নদীর স্বাভাবিক সীমানা মেনে তিব্বতের মধ্যে পড়ছে দাবি করে দখল করেছে চীন।
এই সব কারণেই নেপালের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, চীনের আগ্রাসনের ফলে নেপালের আরো জমি চীনের মধ্যে চলে যেতে পারে। সম্প্রতি নেপালের সরকারের পক্ষ থেকে চীন সরকারের নেতৃত্বে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়, যে ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বিষয়ই ছিল, কীভাবে প্রশাসন আরও সুশৃঙ্খলভাবে চালানো যায়। ফলে রাজনৈতিক মহল মনে করছে, এর মাধ্যমেই নেপাল প্রশাসনে সরাসরি শি জিনপিংয়ের নাক গলানো শুরু হয়ে গেছে।