মরক্কোর ভূমিকম্পে মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার
আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। গুরুতর আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ।
রয়টার্সের খবরে বলা হয়, এমন ভয়াবহ ভূমিকম্প বিগত একশ বছরেও দেখেনি দেশটির বাসিন্দারা। মাত্র ২০ সেকেন্ডে কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘুমের মধ্যেই অনেকেই প্রাণ হারান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্প উৎপত্তির কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে। ভূসিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখা গেছে ৬.৮।
এই ভূমিকম্পে দেশটির আল হাউজ প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ার ফলে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজার-হাজার মানুষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মারাকেচ, আল-হাউজ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এসব এলাকায়। তবে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়।
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়াও আশ্রয়ের ব্যবস্থা, খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন তিনি।