বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

মক্কা রুটে সহজ হচ্ছে সব প্রক্রিয়া

মোহাম্মদ খাইরুল আমিন 23 এপ্রিল 2026, 12:57 দুপুর 67 বার পঠিত
মক্কা রুটে সহজ হচ্ছে সব প্রক্রিয়া

সৌদি আরবের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘মক্কা রুট’ উদ্যোগে কারিগরি সহায়তা অব্যাহত রেখেছে সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ)। ইতোমধ্যে অষ্টম বছরে পদার্পণ করা এই উদ্যোগটি কিংডমের ভিশন ২০৩০-এর আওতায় পরিচালিত ‘আল্লাহর অতিথি সেবা কর্মসূচি’-র একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন সরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে।

১৪৪৭ হিজরি বর্ষে এই উদ্যোগটি ১০টি দেশের ১৭টি আন্তর্জাতিক প্রবেশপথে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে হজযাত্রীদের জন্য সেবার মান উন্নয়ন এবং তাদের যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে সৌদি নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এসডিএআইএ আধুনিক ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির মাধ্যমে ‘মক্কা রুট’ উদ্যোগের বিভিন্ন ডিভাইস ও সিস্টেমকে উন্নত করেছে। ফলে মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, কোত দিভোয়ার, মালদ্বীপসহ নতুনভাবে যুক্ত হওয়া সেনেগাল ও ব্রুনাই দারুসসালামের বিমানবন্দরগুলো থেকে হজযাত্রীদের যাত্রা এখন আরো দ্রুত ও নির্বিঘ্ন হয়েছে।

প্রতি বছর বাড়তে থাকা হজযাত্রীদের সংখ্যা বিবেচনায় রেখে এসডিএআইএ তাদের প্রযুক্তিগত সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করছে। লক্ষ্য একটাই—ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হজযাত্রীদের জন্য বিশ্বমানের সেবা প্রদান। এটি আল্লাহর মেহমানদের সেবায় সংস্থাটির নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই উদ্যোগের আওতায় যাত্রাপথের প্রতিটি ধাপ—নিজ দেশের বিমানবন্দর থেকে সৌদি আরবে আগমন এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তন সহজ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা ভিশন ২০৩০-এর মূল লক্ষ্য।

হজযাত্রীদের যাত্রা শুরুর স্থানগুলোতে সব ধরনের সেবা নির্বিঘ্ন রাখতে আধুনিক মোবাইল ওয়ার্কস্টেশন ও প্রযুক্তিগত অবকাঠামো স্থাপন করা হয়েছে। পূর্বপ্রস্তুত কর্মপরিকল্পনার মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। এছাড়া, সব প্রযুক্তিগত ডিভাইস ও সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করতে একাধিক কঠোর পরীক্ষা সম্পন্ন করেছে এসডিএআইএ। বায়োমেট্রিক নিবন্ধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ও চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে, ‘মক্কা রুট’ উদ্যোগটি হজযাত্রীদের জন্য একটি আধুনিক, সহজ ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করছে, যা সৌদি আরবের প্রযুক্তিনির্ভর সেবার-ই প্রতিফলন।